৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন

এশিয়া পোস্ট প্রতিবেদক
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী দুই দফা দাবি এবং সাত দফা জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ১৮ জুলাই ঢাকাসহ সারাদেশে জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

বুধবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

দুই দফা হলো- জুলাই সনদ বাস্তবায়ন করা ও জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে জুলাই জাদুঘর খুলে দেওয়া।

সাত দফা জুলাইয়ের কর্মসূচি হলো- জুলাই শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আহতদের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা, দ্রোহ ও জাগরণের জুলাই স্মরণে সংলাপ ও দোয়া মাহফিল, শরিয়া অনুমোদিত গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম উপস্থাপনে দেশব্যাপী জুলাই ডকুমেন্টারি প্রদর্শন এবং জুলাইয়ের সংগ্রাম ও লড়াইয়ের দিনগুলোর স্মৃতিচারণ নিয়ে প্রতিযোগিতা।

জুলাই সংগ্রামের শহীদ, গুমের শিকার, কারাবরণকারী, আহত ও অংশগ্রহণকারী দেশবাসীকে স্মরণ করে সংঠনের নেতারা বলেন, জুলাইয়ের চেতনা একটি দীর্ঘ সামাজিক ও নৈতিক সংগ্রামের প্রতিফলন, যেখানে অন্যায়, দমন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদ ইতিহাস সৃষ্টি করেছে। এই চেতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শহীদদের আত্মত্যাগ, আহতদের বেদনা এবং ন্যায়বিচারের অটল আকাঙ্ক্ষা।

তাদের মতে, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী রাজনীতির পুনরাবৃত্তি এবং ক্যাম্পাসে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাসী কার্যক্রম ও দমনমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ক্যাম্পাস এবং শিক্ষাঙ্গন হবে জ্ঞান ও মতচর্চার উন্মুক্ত প্রাঙ্গণ।

জুলাই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদ ও মানবিকতার এক চলমান অঙ্গীকার জানিয়ে নেতারা বলেন, বাংলাদেশের মানচিত্রের ওপর জগদ্দল পাথরের মতো শক্তিশালী খুনী হাসিনার ফ্যাসিবাদ ও স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে জনগণের ঐতিহাসিক এই দ্রোহ ও জাগরণের লড়াইয়ে জুলাইয়ের দ্বিতীয় বর্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এসব কর্মসূচি ঘোষণা করেছে।