logo

সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির ফুল প্যাকেজ: সিবগাতুল্লাহ

সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির ফুল প্যাকেজ: সিবগাতুল্লাহ
সিবগাতুল্লাহ সিবগা। ছবি: এশিয়া পোস্ট

সাধারণ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি ফুল প্যাকেজ বলেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, একজন শিক্ষার্থীকে আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব দিকনির্দেশনা ও পরিকল্পনা শিবিরের কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি।

সিবগাতুল্লাহ বলেন, শিক্ষার্থীদের একেকজনের লক্ষ্য একেক রকম থাকে। কেউ উচ্চশিক্ষায় যেতে চায়, কেউ গবেষণায় ভালো করতে চায়, আবার কেউ উদ্যোক্তা হতে চায়। ছাত্রশিবির প্রতিটি শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।

তিনি বলেন, মেধা চর্চাকে উৎসাহিত করতে শিবির সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করছে। শিবিরের লক্ষ্য হলো সৎ ও দক্ষ মেধার বিকাশ ঘটানো, যাতে তারা ভবিষ্যতে দেশের হাল ধরতে পারে।

সিবগাতুল্লাহ আরও বলেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে এ ধরনের সৃজনশীল শিক্ষার্থীবান্ধব কর্মসূচির অভাব রয়েছে। ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং মেধা লালনের এ ধারার কারণেই ছাত্রশিবির অন্যান্য সংগঠনের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম।