প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক, গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে আলোচনা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জামায়াত নেতারা নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ড. ইউনূস বলেন, যেভাবেই হোক ভালো নির্বাচন করতে হবে। নির্বাচনসংক্রান্ত যে কোনো জরুরি তথ্য, অভিযোগ বা মতামত আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নজরে আনব এবং সরকারের যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, নেব।
তিনি আরও বলেন, কেন্দ্রগুলোকে শিগগিরই সিসি ক্যামেরার আওতায় আনা হবে। অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এগুলো চলতি মাসেই ইনস্টল হয়ে যাবে।
এ ছাড়া ঝুঁকিরপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কন্ট্রোল রুম থেকে এগুলো সব মনিটর করা হবে। ফুটেজ রেকর্ডেড থাকবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটামাত্রই যেন ব্যবস্থা নেওয়া যায়।
গণভোটের বিষয়ে জামায়াত নেতারা জানান, আমরা গণভোটে ‘হ্যাঁ’- এর পক্ষে প্রচারণা শুরু করেছে। আগামী ২২ জানুয়ারি থেকে পাশাপাশি দুই ক্যাম্পেইন চলবে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ কেউ বলছেন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসম্মত কি না, কিন্তু আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি এতে কোনো আইনগত বাধা নেই। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সংস্কারের পক্ষে থাকা।
তিনি আরও বলেন, এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে। যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না।
ড. ইউনূস বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয় এই দায়িত্ব সবার। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি ।
তিনি জানান, নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিরোধ নিরসনের জন্য সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সফল এবং দেশের জন্য কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান ছাড়াও দলটির নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান অংশ নেন।
এ ছাড়া সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।