‘আমাদের কাজ বাইরে যা দেখা যায়, তার চেয়ে ১০ গুণ বেশি’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আমাদের অনেক অভ্যন্তরীণ কাজ আছে, যা আমরা মিডিয়ায় দিই না বা দিতে চাই না। বাইরে যা দেখা যায়, তার চেয়ে ১০ গুণ বেশি কাজ আছে, যা মিডিয়ায় দেওয়া লাগে না।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, বর্তমানে তিনি সিটি করপোরেশনের দায়িত্ব পালন, নির্বাচনকে ঘিরে নতুন পরিকল্পনা এবং ১১ দলীয় জোটের কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
তিনি বলেন, জামায়াত নিজেদের কর্মীদের নৈতিক ও আদর্শিক গঠন, গভীর অধ্যয়ন এবং মানবসেবার মতো বিষয়গুলোকে প্রচারের চেয়ে কাজ হিসেবেই বেশি গুরুত্ব দেয়। এসব কাজ কেবল বাইরের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। কর্মীদের ব্যক্তিগত পরিচর্যা ও ধর্মীয় শিক্ষার প্রসারেও তারা নিয়মিত কাজ করছেন।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির আরও বলেন, জামায়াতের রাজনীতিতে অবসরের সুযোগ নেই। প্রতিটি মুহূর্ত দেশ ও ইসলামের কল্যাণে ব্যয় করা হয়। মিডিয়ায় যা প্রকাশিত হয়, তা তাদের কাজের অতি সামান্য অংশ।





