logo
Advertisement

‘নির্বাচন ছিল না, এটা ছিল সিলেকশন ও ইঞ্জিনিয়ার্ড নির্বাচন’

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘নির্বাচন ছিল না, এটা ছিল সিলেকশন ও ইঞ্জিনিয়ার্ড নির্বাচন’
গোলাম মোহাম্মদ কাদের: ছবি সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এবার সঠিক অর্থে নির্বাচন হয়নি, এটা একটা বাছাইকরণ বা সিলেকশন হয়েছে। আমাদেরকে খুব অন্যায়ভাবে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি সব ধরনের লজিক দিতে পারব। তারপরও দেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জরুরি বিবেচনায় আমরা সবকিছু মেনে নিয়েছিলাম।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এটা তো একেবারে কেস নির্বাচন হয়েছে। কাকে হারানো হবে, কাকে জেতানো হবে, কাকে কত ভোটে হারানো হবে, এগুলো মোটামুটি প্রি-প্ল্যানড ছিল। নির্বাচনের আগে থেকেই আমরা বিভিন্নভাবে এটা শুনতে পাচ্ছিলাম। বিভিন্ন এজেন্সি থেকে আমাদেরকে আগেই জানানো হয়েছিল যে আপনাদেরকে নির্বাচনে নেওয়া হবে কিন্তু ফেল করিয়ে দেওয়া হবে, এটাই সিদ্ধান্ত। আমরা এই কথাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম দু-এক দিন আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। পরে বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে যা জানতে পেরেছি সরকারি উদ্যোগে প্রিসাইডিং অফিসার, আনসার, পুলিশ সবাই মিলে সিল মারাসহ ভোট ইঞ্জিনিয়ারিংয়ের ঘটনা ঘটেছে। ঢাকায় ফিরে আসার পর যারা এই কাজে জড়িত ছিলেন, তারা জানিয়েছেন আমাকে হারিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, যখন ক্ষমতায় যারা ছিলেন, তারাই মূলত এই ইঞ্জিনিয়ারিং করেছেন। দেশব্যাপী প্রায় প্রতিটি সেন্টারে কাকে কোথায় পাস করানো হবে, সেটা আগে থেকেই প্রি-ডিসাইডেড ছিল। এটা এখন যারা নির্বাচন করেছেন বা নির্বাচন সংশ্লিষ্ট ছিলেন, তারা সবাই মোটামুটি জানেন। এত বড় ইঞ্জিনিয়ারিং সরকারের বাইরে কেউ করতে পারবে না। এটা সম্পূর্ণ ১০০ শতাংশ ম্যানিপুলেটেড, ইঞ্জিনিয়ার্ড ইলেকশন এবং এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত।