দলের ত্যাগীদের মূল্যায়ন নিয়ে মুখ খুললেন রিজভী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে যোগ্যতার ভিত্তিতে নেতাকর্মীদের মূল্যায়ন করছেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সম্প্রতি বিএনপির বিভিন্ন পর্যায়ের অন্তত ১২ জন নেতাকে বিভিন্ন সরকারি সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে, যারা প্রত্যেকেই মাঠের নেতা। জেলা বা বিভাগীয় শহরের আধাসরকারি প্রতিষ্ঠানগুলোতেও দলের যোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়ন অব্যাহত থাকবে।
রোববার (২৩ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তৃণমূলে সংগঠন নিয়ে পরিকল্পনা কী এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠন নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। দলের চেয়ারম্যান নিয়মিত স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তাদেরকে পরামর্শ দিচ্ছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা থাকবে।
সরকার ও দলের কর্মকাণ্ডে ভারসাম্যের বিষয়ে তিনি বলেন, দল নির্বাচিত হয়েই সরকার গঠন করেছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টা আমরা প্রত্যেকেই দলের লোক। তাই দলের লোক হিসেবে সরকারে কাজ করার পাশাপাশি দলের দায়িত্বও পালন করবেন, এতে কোনো জটিলতা নেই। সরকার গঠনের প্রথমদিকে দলীয় কর্মকাণ্ড একটু ধীর ছিল, কিন্তু এখন আবার পুরোদমে চলছে। প্রতি সপ্তাহেই দু-একদিন দলের চেয়ারম্যান তৃণমূলের সঙ্গে বসছেন ও মতবিনিময় করছেন। সেখান থেকে তিনি সাংগঠনিক নানা বিষয়ে অবগত হচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।


