জুলাই শহীদদের পরিবার ও আহতদের কথা শুনলেন তারেক রহমান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন তিনি।
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় এ মতবিনিময় সভা শুরু হয়।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও অংশ নেন।
সভায় জুলাই আন্দোলনে নিহত আনাসের মা বলেন, আমাদের বিশ্বাস নির্বাচনে জয়ী হয়ে আপনি (তারেক রহমান) রাষ্ট্রক্ষমতায় গেলে সব শহীদ হত্যার বিচার করবেন।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে উদ্দেশে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। দেড় বছর হতে চলেছে আমার ছেলের হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আশা করি ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ন্যায়বিচার নিশ্চিত করবে।
শহীদ জাহিদের মা ফাতেমাতুর জোহরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেকেই পাশে না দাঁড়ালেও বিএনপি আমাদের পাশে ছিল। আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে আমাদের সন্তানদের হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতেই করা হবে।
এর আগে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে শনিবার মতবিনিময় করেন তারেক রহমান।
মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের আয়োজনে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিজ্ঞতা এবং তাদের দাবি-দাওয়া শোনেন।