৯০-এর ছাত্র-জনতার সংগ্রামের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী

বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার সংগ্রামের মূর্ত প্রতীক ছিলেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় কার্যালয়গুলোতে একযোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
শনিবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
সরকারের প্রথম ছয় মাসের লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, বিগত ছয় মাসের সার্বিক কর্মকাণ্ডের পরিসংখ্যান দ্রুতই সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে। আগামী ৬ মাসে সরকারের কাজ আরও জোরালো ও কার্যকর রূপ নেবে বলে জানান তিনি।



