বিএনপি জাতীয় ঐক্য ভেঙেছে, তাদের ওপর জনগণের আস্থা নেই: নাহিদ

বিএনপি জাতীয় ঐক্য ভেঙেছে, তাদের ওপর জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, জুলাই সনদ না মেনে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জাতীয় ঐক্য ভেঙেছে। দলটির ওপর জনগণের আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহীতে এনসিপির বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আজকেও শরীয়তপুরে পদ্মা সেতুর সংযোগ সড়কে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করার চেষ্টা করেছে। বিগত কয়েক সপ্তাহ ধরে এই পরিস্থিতি বিরাজমান। এ জন্য আমাদের মিছিল করতে হচ্ছে। আমাদের দাবি অত্যন্ত পুরোনো। গত দুই বছর আমরা এসব দাবি জানিয়ে আসছি। খুনি হাসিনার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার। তিনটি অবৈধ নির্বাচন, লাখো কোটি টাকা লুটপাটের বিচার আমরা চেয়েছিলাম।
নাহিদ ইসলাম বলেন, সরকার গত আট মাসে আওয়ামী লীগের বিচার স্থবির করে রাখছে। জুলাই সনদ না মেনে, সংবিধান সংস্কার পরিষদ এর শপথ না নিয়ে জাতীয় ঐক্য ভেঙেছে। বিএনপির ওপর জনগণের আস্থা নেই। আওয়ামী লীগকে ৫ আগস্ট এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। কিন্তু আজকে বাংলাদেশের মানুষকে রাজপথে নামতে হচ্ছে, বিএনপির জন্য না, জামায়াত এনসিপির জন্য না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষকে রাস্তায় নামতে হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি-আওয়ামী লীগ যৌথভাবে সীমান্তে মহড়া দিচ্ছে। বাংলাদেশের নদী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গঙ্গা চুক্তি শেষ হচ্ছে। পানিমন্ত্রী নভেম্বরে এসে জানাচ্ছেন চুক্তি নবায়নের জন্য চিঠির কোনো জবাব ভারত দেয়নি। এর অর্থ পদ্মাকে শুকিয়ে মরুভূমি করার ষড়যন্ত্র হচ্ছে। তিস্তাকে শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করা হচ্ছে। পদ্মা পাড়ের মানুষকে মরুভূমি করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছে ভারতের এ দেশীয় এজেন্ট আওয়ামী লীগ।
তিনি বলেন, এবার আমাদের লড়াই ভারতের আধিপত্যের বিরুদ্ধে। এ লড়াই বিএনপির নেতৃত্বে হবে না। এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই লড়াই করবে। জুলাই মতই ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ লড়াইয়ে নামবে। খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করবে।
বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, আমরা সারা দেশে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি তাকে খুঁজে পাওয়া না যায়, তাহলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করে বিএনপির ভাইদের হত্যাকারী, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। যদি সরকার না পারে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।
সমাবশে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বলেন, ডিসেম্বরে গঙ্গাচুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আমরা বৈশ্বিক অঙ্গনে ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারি সেজন্য বাংলাদেশকে অস্থিতিশীল করছে ভারত।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী বিভাগ, মহানগর ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

