logo
Advertisement

ফুলবাড়ী দিবস পালনের আহ্বান সাইফুল হকের

এশিয়া পোস্ট নিউজ
ফুলবাড়ী দিবস পালনের আহ্বান সাইফুল হকের
সাইফুল হক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যথাযোগ্য মর্যাদায় জাতীয় সম্পদ রক্ষায় বুধবার (২৬ আগস্ট) ফুলবাড়ী শহীদ দিবস পালন করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। একই সঙ্গে ফুলবাড়ী আন্দোলনের ইতিহাস ও শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় সম্পদ রক্ষার সংগ্রামকে সারা দেশে আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) এশিয়া পোস্টে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

ফুলবাড়ী আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে সাইফুল হক বলেন, প্রাণ-প্রকৃতি, বসতভিটা ও পরিবেশ ধ্বংস করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির যেকোনো চক্রান্ত বন্ধ করতে হবে। ফুলবাড়ীর জনগণের ঐতিহাসিক গণআন্দোলনের মুখে তৎকালীন সরকার যে ৬ দফা ফুলবাড়ী চুক্তি স্বাক্ষর করেছিল, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয়নি।

বিবৃতিতে তিনি বলেন, ফুলবাড়ীর আন্দোলন শুধু একটি এলাকার মানুষের আন্দোলন নয়; এটি দেশের জাতীয় সম্পদ, পরিবেশ, কৃষিজমি, পানি, প্রাণ-প্রকৃতি এবং মানুষের জীবন-জীবিকা রক্ষার আন্দোলন। শহীদ আমিন, সালেকিন ও তরিকুলের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন জাতীয় সম্পদ রক্ষার সংগ্রামে নতুন মাত্রা সৃষ্টি করেছিল, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

নতুন প্রজন্মের অনেকেই ফুলবাড়ীর ঐতিহাসিক আন্দোলন ও ৬ দফা চুক্তির বিষয়ে অবগত নয় উল্লেখ করে সাইফুল হক বলেন, অথচ সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি এবং জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনও অব্যাহত রয়েছে। স্বাবলম্বিতা অর্জনে যেকোনো মূল্যে দেশের প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জাতীয় সম্পদ রক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মনে করেন সাইফুল হক।

এদিকে, ফুলবাড়ী আন্দোলনের শহীদ আমিন, সালেকিন ও তরিকুলের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই সঙ্গে ফুলবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় জাতীয় সম্পদ রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়েছে।