‘১৬ জুলাই প্রথম বাম গণতান্ত্রিক জোটই সরকার পতনের ঘোষণা দেয়’

জুলাই আন্দোলনের সময় ১৬ জুলাই প্রথম বাম গণতান্ত্রিক জোটই রাজপথে নেমে সরকারকে পদত্যাগ ও উৎখাতের ঘোষণা দিয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কয়েক দিনের ঘটনা নয়; এটি এক যুগেরও বেশি সময়ের লাগাতার সংগ্রামের চূড়ান্ত বিস্ফোরণ।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ১৭ জুলাই কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় পূর্ণশক্তি নিয়ে রাজপথে নামার সিদ্ধান্ত হয়। ওই সময় অনেক রাজনৈতিক দল অপেক্ষাকৃত নিষ্ক্রিয় অবস্থানে থাকলেও বামপন্থীরা প্রকাশ্যে আন্দোলনে অংশ নেয় এবং আন্তর্জাতিক পরিসরে বন্ধুপ্রতিম দলগুলোর কাছেও স্বৈরাচারী শাসনের অবসানের প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে দেয়।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং কারফিউ ভেঙে রাজপথে আন্দোলন বিস্তারে বামপন্থীরা নীতিনিষ্ঠ ভূমিকা পালন করেছে। এই অবস্থানই চব্বিশের গণঅভ্যুত্থানে বামপন্থীদের প্রধান অবদান হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে।






