ছয় দাবিতে লংমার্চ করবে ১১ দল, যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস ও বিদ্যুৎতের সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। লংমার্চের কারণে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি তুলে ধরেন তিনি।
দাবির বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রথম কথা হচ্ছে আমরা ছয়টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে পোস্টার লিফলেট-প্রচারণায় আমরা স্থান দিয়েছি। দাবির তো কোন শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। আমাদের প্রথম দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। এটা আমাদের প্রথম দাবি।
তিনি বলেন, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় শাপলা চত্বরে সমবেত হয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া হবে। এই কর্মসূচিতে পথে পথে বিভিন্ন জায়গায় সভাও করবে ১১ দলীয় ঐক্য। তাদের প্রত্যাশা, মানুষ স্বতস্ফূর্তভাবে ওই লংমার্চে অংশ নেবে।
জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্ষমতাসীন দল বিএনপিরও সহযোগিতা কামনা করেন তিনি।



