logo

রামিসা হত্যায় জড়িতদের বিচার করতে হবে: ছাত্র মজলিস

রামিসা হত্যায় জড়িতদের বিচার করতে হবে: ছাত্র মজলিস
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে হতাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

বুধবার (২০ মে) সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ এবং সভাপতি পরিষদ সদস্য মো. দিদারুল ইসলাম ও হাবিবুল্লাহ মিসবাহ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা প্রমাণ করে রাষ্ট্রের বিচারব্যবস্থা ভয়াবহ সংকটে নিমজ্জিত। বিচারহীনতার সংস্কৃতি আজ সমাজকে এমন অবস্থায় নিয়ে গেছে, যেখানে নিষ্পাপ শিশুরাও হিংস্রতার শিকার হচ্ছে।

অপরাধের বিচার না হওয়া ও দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে জানিয়ে তারা বলেন, গত বছরে মাগুরার শিশু আছিয়া ধর্ষণের পর জাতি আশাবাদী ছিল, অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন জঘন্য অপরাধ বন্ধ হবে। কিন্তু বাস্তবে বিচারহীনতা ও দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। রামিসা হত্যাকাণ্ড সেই ব্যর্থতারই নির্মম প্রতিচ্ছবি।

তাদের মতে, হজরত মুহাম্মদ (সা.)-এর শাসনামল ও খোলাফায়ে রাশেদিনের যুগে কঠোর, দ্রুত ও ন্যায়ভিত্তিক বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, অপরাধীদের প্রতি দুর্বলতা নয়, বরং দৃষ্টান্তমূলক শাস্তিই সমাজকে নিরাপদ রাখতে পারে।

তাদের দাবি, দেশে বারবার শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে বিচার দীর্ঘায়িত হয় কিংবা প্রভাবশালীদের কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ফলে অপরাধীরা বুঝে গেছে, এই দেশে ভয়াবহ অপরাধ করেও পার পাওয়ার সুযোগ রয়েছে।

অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জাকের হোসেন ওরফে সোহেল রানাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং প্রকাশ্যে দৃষ্টান্তমূলক বিচার কার্যকরের দাবি জানায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।