logo

জামায়াত মুক্তিযুদ্ধে অংশ নিলে সংবিধান নিয়ে সংকট সৃষ্টি হতো না: রাশেদ খাঁন

জামায়াত মুক্তিযুদ্ধে অংশ নিলে সংবিধান নিয়ে সংকট সৃষ্টি হতো না: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী বাংলাদেশ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নিলে সংবিধান নিয়ে সৃষ্টি হওয়া সংকট থাকত না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া এ নেতা।

ফেসবুক পোস্টে রাশেদ লেখেন, জামায়াতে ইসলামী যদি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করত, তাহলে দেশে আজকে সংবিধান নিয়ে এই সংকট সৃষ্টি হয় না। তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলে ৭২-এর সংবিধান এভাবে তৈরি হতে দিত না। তাদের এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার ভুলের খেসারত জাতিকে দিতে হয়েছে বছরের পর বছর ধরে। এই ভুলের কাফফারা কীভাবে হতে পারে আমার জানা নেই। 

জামায়াত আওয়ামী লীগ সরকার পতনের পর ফের একই ভুল করেছে দাবি করে তিনি বলেন, তবে তারা দ্বিতীয়বার আবার একই ভুল করল ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারকে ৭২ এর সংবিধান তো নয়ই বরং ফ্যাসিবাদী জামানায় অংসখ্যবার কাটাছেঁড়া করা সংবিধান মোতাবেক সরকারকে শপথ নিতে দিয়ে। এর মাধ্যমে পুনরায় তাদের মিত্র নাহিদ ইসলামদের হাত ধরে সংবিধানের ধারাবাহিকতা সৃষ্টি হলো। অন্তত ৮ আগস্টে বাধা দিতে পারলে নতুন বাংলাদেশের মানুষ উপহার পেত নতুন সংবিধান।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের সামনে এখন একমাত্র সুযোগ আরেকটা বিপ্লবের আহ্বান করে নতুন সংবিধান রচনা করা। যদি তাদের এই বিপ্লবের আহ্বানে ঘর থেকে, বিশ্ববিদ্যালয় থেকে চব্বিশের গণঅভ্যুত্থানের মতো ছাত্র-জনতা বের হয়ে আসে, তবেই কেবল তারা নতুন সাংবিধানিক বিপ্লবী আন্দোলনে সফল হবে।