Advertisement

রাষ্ট্রপতিকে আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহারুল

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
রাষ্ট্রপতিকে আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহারুল
নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এ টি এম আজহারুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে অনেক আগেই বিদায় করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, ‘তাকে (মো. শাহাবুদ্দিন) এখনও রাষ্ট্রপতি পদে রাখা বিএনপির জন্য কত বড় ভুল, তা তারা পদে পদে টের পাবে।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এ টি এম আজহারুল ইসলাম।

আজহারুল ইসলাম বলেন, এই রাষ্ট্রপতি খুনি হাসিনার দোসর এবং সরাসরি জুলাই-বিরোধী। তাকে দ্রুত অপসারণ করে আইনের আওতায় নিয়ে আসা জরুরি। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে জনগণের প্রত্যাশা ও দায়িত্ব যথাযথভাবে পালন করা না হলে সেই পদও জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না।

জুলাই গণভোট নিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন করতে সরকার আর কোনো ধরনের গড়িমসি করতে পারে না। জনগণের রায় উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করলে তার রাজনৈতিক পরিণতি সরকারকেই বহন করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় সংসদের ভেতরে সাংবিধানিকভাবে এবং সংসদের বাইরে জনগণকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।

বিএনপি সরকারের সমালোচনা করে এই জামায়াত নেতা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনগণের মধ্যে আবারও হতাশা তৈরি হচ্ছে। তার অভিযোগ, ফ্যাসিবাদের রাজনৈতিক আচরণ, বিরোধী মত দমন এবং এককেন্দ্রিক রাষ্ট্র পরিচালনার যে সংস্কৃতি ছিল, বিএনপিও ধীরে ধীরে একই পথে হাঁটছে।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিষয় :রংপুর