logo

জড়িতরা যত প্রভাবশালী হোক, দ্রুত বিচার নিশ্চিত করব: নাহিদ

জড়িতরা যত প্রভাবশালী হোক, দ্রুত বিচার নিশ্চিত করব: নাহিদ

রাজধানীর রামপুরায় শিশু তাসলিমা আক্তার হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে এমন কথা বলেন তিনি।

নাহিদ বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটি একটি গর্হিত অপরাধ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এলাকার যত বড় প্রভাবশালী হোক না কেন, বাড়িওয়ালা হোক আর যা-ই হোক, সেটা বিবেচনায় নেওয়া হবে না।

তিনি বলেন, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে এবং এই হত্যাকাণ্ডের বিচার আমরা দ্রুত সময়ে নিশ্চিত করব।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন মব কালচার থাকবে না। কিন্তু কয়েকটি ঘটনা ঘটছে, শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চলছেই।

রাষ্ট্রপতির সময় ফুরিয়ে গেছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, তাকে যেভাবে সরাতে হয়, সেভাবেই এগোচ্ছি। প্রথম অধিবেশনে সংস্কার ও রাষ্ট্রপতিকে সরানোর বিষয় প্রথম গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।