logo

প্রধানমন্ত্রীর সহযোগিতায় কপ-৩১-এ যাচ্ছেন ছাত্রদলের ২ নেতা

প্রধানমন্ত্রীর সহযোগিতায় কপ-৩১-এ যাচ্ছেন ছাত্রদলের ২ নেতা
ফেরদৌস সিদ্দিক সায়মন ও মাহির ইবনে ওমর। ছবি: কোলাজ

জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কনফারেন্স অফ পার্টিস’ (কপ-৩১) এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ এফ রহমান ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন ও হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির ইবনে ওমর।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তুরস্কের আনাতলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন তারা।

ফেরদৌস সিদ্দিক সায়মন সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কোঅর্ডিনেটর এবং মাহির ইবনে ওমর গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়লগ’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। পরিবেশ ও জলবায়ু নিয়ে দুইজনেরই যাত্রা শুরু হয়েছিল রাজধানীর নটরডেম কলেজে থাকা অবস্থায়।

এ বিষয়ে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, ‘এ বছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় কপ-৩১-এ যেতে পারব না ভেবেছিলাম। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী জানার পর সার্বিক সহযোগিতা ব্যবস্থা করেন। আমি এ জন্য ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’

সায়মন বলেন, ‘কপ-৩১ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত নগণ্য হলেও সাউথ গ্লোবালের দেশ হওয়াতে আমাদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশী দেশগুলোর মধ্যে অন্যতম।’

তিনি আরও বলেন, ‘এ বছর কপ-৩১-এ আমরা এ ক্ষতিপূরণ আদায় করব। ঋণ নয়, বরং সবচেয়ে বেশী গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর থেকে আর্থিক অনুদান নেওয়ার জন্য কণ্ঠ তুলে ধরব।’

৯-২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এ জলবায়ু সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করবেন।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট