logo

রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইল খেলাফত মজলিস

রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইল খেলাফত মজলিস
নির্বাহী কমিটির বৈঠকে খেলাফত মজলিসের নেতারা। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারের হত্যাকারীসহ সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় দলটি। এর আগে বুধবার (২০ মে) পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

ঠৈবকে নেতারা বলেন, হত্যাকাণ্ড, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, ছিনতাই প্রভৃতি অপরাধের মাত্রা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ৯ দিনে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে পাঁচটি। রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

সব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, অবিলম্বে রামিসার হত্যাকারীসহ সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা বলেন, কোরবানি ঈদকে কেন্দ্র করে হাট-বাজার ও সড়কে শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দুর্বলতা ও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতার কারণে দেশে অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে। রাষ্ট্রের সর্বস্তরে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে আরও মনোযোগ দিতে হবে। সুশাসন নিশ্চিত এবং শরিয়া আইন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তাদের দাবি, সীমান্তে বাংলাদেশ নাগরিকদের গুলি করে হত্যা, বাংলাদেশের ভূমি ব্যবহারে স্থানীয় জনগণকে বাধা, মানুষ, মাদক ও পণ্য চোরাচালানে সহযোগিতাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনকারী ভারতীয় এই সংস্থার বিরুদ্ধে বাংলাদেশ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

তাদের মতে, আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে দেশীয় গরু খামারি ও ব্যক্তি উদ্যোক্তাদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে ভারতীয় গরু আমদানি কিংবা চোরাচালান কঠোরভাবে দমন করতে হবে। সীমান্তে বিজিবির টহল জোরদার ও নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি জানান তারা।

দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমুখ।