যশোর যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে দলের নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এদিকে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লায় বইছে সাজ সাজ রব।
জনসভা সফল করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পাড়ায় পাড়ায় প্রচার মিছিল, প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সাংগঠনিক সফর অব্যাহত রেখেছেন।
জনসভাস্থলে গিয়ে দেখা যায়, মাঠের উত্তর পাশে শ্রমিকরা বিশাল জনসভা মঞ্চ তৈরি করছেন। মাঠের সাজসজ্জা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পুরোদমে কাজ চলছে। জনসভাস্থলের পাশে ঈদগাহ ময়দান, স্কুল মাঠ এবং উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুত করা হচ্ছে। একাধিক এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, তারেক রহমান সোমবার সকালে খুলনায় এক জনসভায় ভাষণ শেষে হেলিকপ্টারযোগে বিকেলে যশোরের জনসভাস্থলে আসবেন।
তিনি আরও বলেন, তারেক রহমান মঞ্চে ওঠার আগেই জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির প্রার্থীরা বক্তব্য দেবেন। প্রায় ২ লাখ মানুষের জনসমাগমের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভা সফল করতে সবাই দিনরাত পরিশ্রম করছেন।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনসভাকে কেন্দ্র করে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এরইমধ্যে মাঠে পুলিশসহ বিভিন্ন ইউনিট সাদা পোশাকে দায়িত্ব পালন করছে।