logo
Advertisement

স্থানীয় নির্বাচনে ধানের শীষ থাকবে কিনা জানালেন রিজভী

এশিয়া পোস্ট ডেস্ক
স্থানীয় নির্বাচনে ধানের শীষ থাকবে কিনা জানালেন রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisement

তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না।

সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নির্বাচনে দল থেকে একজন মাত্র একক প্রার্থী দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনা করাই এখন আমাদের দায়িত্ব উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের নেতাকর্মীরা সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপ জনগণকে অবহিত করবেন এবং তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।

জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না।