logo

সুষ্ঠু ভোট হলে যে কোনো ফলাফলই মেনে নেবে বিএনপি: মাহদী আমিন

সুষ্ঠু ভোট হলে যে কোনো ফলাফলই মেনে নেবে বিএনপি: মাহদী আমিন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি যে কোনো ফলাফলই মেনে নেবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (১০ ফেব্রয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডের নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

নির্বাচন কমিশনে বিএনপির করা অভিযোগগুলোর সমাধানের বিষয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, অনেক ক্ষেত্রে সমাধান পেয়েছি, অনেক ক্ষেত্রে বিলম্বিত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এখনও সমাধান পাইনি।

তিনি বলেন, সারা দেশে তারেক রহমানের নির্বাচনি প্রচার-প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি এবং মাঠপর্যায়ের বাস্তবতা মিলিয়ে জনসমর্থনের দিক থেকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে।

বিএনপির নির্বাচন পরিচালনার এই মুখপাত্র বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুর বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে। তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে।

তিনি আরও বলেন, জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। যারা সততা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফের বয়ান তৈরি করেন- তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তাহলে সেটি অত্যন্ত লজ্জার। 

মাহদী আমিন বলেন, জামায়াতের একজন শীর্ষ আইনজীবীর প্রকাশ্যে টাকা দেওয়া এবং ভোট কেনার চেষ্টা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। তরুণ সমাজকে অর্থ দিয়ে প্রলুব্ধ করা নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন।

তিনি বলেন, প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলা দলটি যদি ভোটের মাঠে দুর্নীতির মাধ্যমে টাকা ছড়িয়ে ভোট কিনতে চায় তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতার লঙ্ঘন আর কি হতে পারে?