logo

পলাতক ফ্যাসিস্টরা দেশ অশান্তের চেষ্টা করছে, গুপ্তরা দিচ্ছে বাতাস: রিজভী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পলাতক ফ্যাসিস্টরা দেশ অশান্তের চেষ্টা করছে, গুপ্তরা দিচ্ছে বাতাস: রিজভী
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। ছবি : এশিয়া পোস্ট

পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেন, দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা এতে বাতাস দিচ্ছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধী দলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। অথচ জামায়াত ১ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে। এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে।’

সরকার আন্তরিকভাবে দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি।’

রিজভী বলেন, পলাতক প্রধানমন্ত্রী জাতিসংঘের সফরে গেছেন দেশের অর্থ লুটপাট করে ১৩৫ জন নিয়ে আর তারেক রহমান গেছেন মাত্র ৩৫ জন নিয়ে। এতেই বোঝা যায় দেশের প্রতি কার কত ভালোবাসা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।