জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্য হিসেবে দেখতে হবে: সেলিম উদ্দিন

এশিয়া পোস্ট প্রতিবেদক
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্য হিসেবে দেখতে হবে: সেলিম উদ্দিন
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের দলীয় পরিচয়ে না দেখে পরিবারের সদস্য হিসেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান আলাপনে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কেন্দ্রীয় আমিরের নির্দেশ পাওয়ার পর থেকেই নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসাসেবায় যুক্ত হন।

তিনি বলেন, জুলাই আন্দোলন পরিচালনার জন্য ছয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। প্রতিদিন ফজরের নামাজের পর আন্দোলনের পরিস্থিতি বিশ্লেষণ করে মাঠ পর্যায়ের কর্মীদের কাছে চিরকুটের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হত।

জামায়াতে ইসলামীর এই নেতা আরও বলেন, আন্দোলনের সময় আহতদের পানি পান করাতেও বাধা দেওয়া হয়েছিল। এরপরও জামায়াতের কর্মীরা সেই বাধা উপেক্ষা করে লজিস্টিক সাপোর্ট দিয়ে গেছেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, উত্তর এলাকায় আন্দোলনের ব্যাপকতা বেশি থাকায় প্রশাসন তাকে হন্যে হয়ে খুঁজছিল। তার অবস্থান জানতে দলের অন্য নেতাদের ওপরও চাপ সৃষ্টি করা হয়েছিল।

তিনি আরও বলেন, ১ আগস্ট দল নিষিদ্ধ হওয়ার পর সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ আগস্টের কর্মসূচি এক দিন এগিয়ে আনার বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।