ভোট চুরির চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটবে: নাহিদ

আসন্ন জাতীয় নির্বাচনে কেউ ভোট চুরি বা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাভার পৌর এলাকার চাপাইন রোডে জাবাল-ই- নূর মাদ্রাসার বিপরীত পাশে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তারা আমাদের মা-বোনদের গণজোয়ারকে ভয় পাচ্ছে। সেজন্য টার্গেট করছে, আটকানোর চেষ্টা করছে এবং প্রচারণায় বাধা দিচ্ছে।
তিনি বলেন, আমরা কোনো হুমকি ও রক্তচক্ষুকে ভয় পাই না। রক্তচক্ষু উপেক্ষা করেই ৫ আগস্ট বদলে ছিলাম। কেউ যদি ভোট চুরি এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। ১২ ফেব্রুয়ারি এ রকম চেষ্টা করা হলে আরেকটি ৫ আগস্টের বিপ্লব ঘটে যাবে।
এনসিপির আহ্বায়ক বলেন, একটি দলের নেতা ১৬-১৭ বছর বিদেশে ছিলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন তার কি প্ল্যান আছে তা দেশের জনগণ জানে। এমন কোনো প্ল্যান করবেন না, বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে যায়। ফ্যাসিস্টদের পুনর্বাসন ও আধিপত্যবাদী রাজনীতি তৈরি করবে- এমন কোনো প্ল্যান জীবন থাকতে বাস্তবায়ন হতে দেব না।
শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে নাহিদ ইসলাম বলেন, শহীদ হাদি হত্যার বিচারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারা, আসামিদের গ্রেপ্তার করতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছে, শহীদ ওসমান হাদির পরিবারকে যেন কোনোভাবে অসম্মান করা না হয়। অতিসত্বর এই বিচারের জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ সময় ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল, জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।