সাংবাদিকদের মারধরের ঘটনায় জামায়াতের নিন্দা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও রাজধানীর শাহবাগে সাংবাদিকদের ওপর পুলিশের মারধরের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে এ নিন্দা জানান।
এতে বলা হয়, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে সম্পন্ন করার দাবিতে শুক্রবার যমুনার সামনে আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চ। এ সময় পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই পরিস্থিতিতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের অতি উৎসাহী কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর করেন।
‘পুলিশের হামলায় বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৫ সাংবাদিক আহত হন, যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। জামায়াতে ইসলামী দেশের নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকারে বিশ্বাসী।’
বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে পায়ে লাথি মেরে ফেলে দেন, যা উদ্দেশ্যপ্রণোদিত ও অমানবিক আচরণেরই বহিঃপ্রকাশ।
পুলিশ সদস্যদের এ ধরনের অপেশাদার, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার পাশাপাশি এই ঘটনায় সঙ্গে জড়িত দায়ী পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় এনে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায় জামায়াত।