শনিবার নয়াপল্টনে যাবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমান যখন মঞ্চ থেকে নামছিলেন তখন উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠে। তাদের উচ্ছ্বাসের জবাবে হাত নেড়ে তারেক রহমান বলেন, আগামীকাল (শনিবার) নয়াপল্টন অফিসে যাব। তোমাদের সেখানে দেখতে চাই।
এর আগে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র জিয়াউর রহমান। প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার গৌরবগাঁথা নিয়ে আলোচনা হবে, গবেষণা হবে। কিন্তু আলোচনা বা গবেষণার নামে এমন কিছু বলা ঠিক হবে না যেটা আমাদের স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করতে পারে।
তিনি বলেন, অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীত ভুলে গেলে দুই চোখ অন্ধ। গত ১৭ বছরে অতীত নিয়ে এত নড়াচড়া হয়েছে যে, এতে দেশের মূল ইতিহাস ঢাকা পড়ে গেছে।
তারেক রহমান বলেন, আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলে আমাদের সম্পদে সীমাবদ্ধতা আছে। কিন্তু আমরা যদি একসঙ্গে লড়াই করি তবে দেশের যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারব।

