আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ
সংবাদ সম্মেলনে কথা বলছেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। ছবি: এশিয়া পোস্ট

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে রাজপথে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সে বিষয়ে সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছে ‘১১ দলীয় ঐক্য’। জোটটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো নিষিদ্ধ দল যদি আইন অমান্য করে কার্যক্রম চালাতে চায়, তবে তা ঠেকানোর পূর্ণ দায়ভার সরকারের।

Advertisement

সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সকল গুম, খুন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া একই দাবিতে আগামী ৪ জুলাই সারা দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল করবে জোটটি।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, সীমান্তে প্রতিবেশী দেশ অস্ত্র মজুত করলেও সরকারের কোনো মাথাব্যথা নেই, যা অত্যন্ত উদ্বেগের। এ ছাড়া সীমান্ত হত্যা ও পুশইন ইস্যুতেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অবনতি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

২৩ জুন ঘিরে নিষিদ্ধ ঘোষিত কোনো দল বা সংগঠনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনাসংক্রান্ত প্রশ্নের জবাবে সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্পষ্ট করে বলেন, নিষিদ্ধ কোনো দল যদি আইন অমান্য করে মাঠে নামতে চায়, তবে তাদের ঠেকানোর দায়িত্ব সরকারের, কোনো দলের নয়। সরকারকেই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি মোকাবিলায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।