আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৫ জুন দেশের আরও ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য তাদের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে।
সোমবার (৮ জুন) বিকেলে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
এর আগে, গত ১০ মে প্রথম ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল এনসিপি। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ওই তালিকা ঘোষণা করা হয়।
সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, কমিটির সদস্য তাহসীন রিয়াজ, আলাউদ্দীন মোহাম্মদ ও মনজিলা ঝুমা। এ ছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মো. আতাউল্লাহ এবং এস এম সুজা উপস্থিত ছিলেন। তারা বিভাগভিত্তিক প্রার্থীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করেন।
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে এরও আগে গত ২৯ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছিল এনসিপি। সেই ধারাবাহিকতায় এবার উপজেলা ও পৌরসভা পর্যায়ে দ্বিতীয় ধাপে আরও বড় পরিসরে প্রার্থী ঘোষণার উদ্যোগ নিয়েছে দলটি।
