দেশের অর্থনীতির অবস্থা স্বাধীনতার পরও এতটা খারাপ হয়নি: ফুয়াদ

দেশের অর্থনৈতিক অবস্থা স্বাধীনতার পরবর্তী সময়ের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার দাবি, ১৯৭২ থেকে ১৯৭৪ সালেও দেশের অর্থনীতির অবস্থা এতটা খারাপ ছিল না।
সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে ‘প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে সোমবার (১৭ আগস্ট) এসব কথা বলেন ফুয়াদ। রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সরকারের সাফল্য প্রসঙ্গে ফুয়াদ বলেন, পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের নিজস্ব ও স্বাধীন পররাষ্ট্রনীতির একটি অভিমুখ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর বেইজিং সফর এবং ভারত সফর নিয়ে সরকারের অবস্থানকেও তিনি স্বাগত জানান।
তবে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবি পার্টির এই নেতা। তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারের পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারগুলো বাতিল করা হয়েছে। এর ফলে রাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার বাস্তবতা তৈরি হয়েছে।
ফুয়াদের দাবি, নতুন বাজেটের পর সরকারকে প্রতিদিন ব্যাংক থেকে ৮০০ কোটি টাকার বেশি ঋণ নিতে হচ্ছে। অর্থনীতিবিদদের কেউ কেউ আশঙ্কা করছেন, ডিসেম্বর নাগাদ প্রতিদিনের ঋণের পরিমাণ ১ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।
এত বিপুল পরিমাণ অর্থ সরকার কোথা থেকে সংগ্রহ করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। অর্থনীতি, সংস্কার, প্রশাসন ও পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার তুলনামূলক চিত্র তুলে ধরেন তারা।


