logo

ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

দেশের বিশিষ্ট চিকিৎসক ডা. কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির।

পোস্টে শফিকুর রহমান বলেন, ‘অধ্যাপক ডা. কামরুল ইসলাম দেশের শুধু একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন; তিনি অসহায় ও গরিবের বন্ধু, মানবিক ডাক্তার হিসেবে সর্বমহলে পরিচিত ও প্রশংসিত।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি অশুভ চাঁদাবাজ চক্র রাজনৈতিক খুঁটির জোরে তার কাছে চাঁদা চেয়ে আসছিল। তিনি অবৈধ চাঁদা দিতে বরাবরই অপারগতা প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত চাঁদাবাজরা এমন একজন জ্যেষ্ঠ, প্রথিতযশা, মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হলো। তার সঙ্গে গর্হিত আচরণ করল।’

জামায়াত আমির বলেন, ‘এ রকম অধ্যাপক ডা. কামরুল ইসলামদের সামাজিক সেবা থেকে কারা জনগণকে বঞ্চিত করছে, তা দিবালোকের মতোই পরিষ্কার। এই দুষ্টদের কঠোর হস্তে দমন করা সময়ের দাবি, জনতার দাবি। আমরা এ দাবির দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই।’

সর্বশেষ তিনি অধ্যাপক ডা. কামরুল ইসলামের জন্য দোয়া করে বলেন, ‘আল্লাহ তাআলা তার মর্যাদা আরও বাড়িয়ে দিন এবং দুষ্ট চক্রকে তাদের পাওনা বুঝিয়ে দিন। আমিন।’