logo

চট্টগ্রামে জামায়াত আমিরের সমাবেশ আজ 

চট্টগ্রামে জামায়াত আমিরের সমাবেশ আজ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামের পাঁচ স্থানে সমাবেশে অংশ নেবেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) এসব সমাবেশে ব্যাপক জনসমাগমের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের শরিক ১১ দলীয় জোট।

দলীয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জনসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহেশখালীতে সকাল ৯টায়, কক্সবাজার সদরে সকাল ১০টায়, লোহাগাড়ার পদুয়ায় দুপুর ১১টায়, সীতাকুণ্ডে দুপুর ২টায় এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেল ৫টায় সমাবেশ হওয়ার কথা রয়েছে। সব সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এসব সমাবেশ ঘিরে প্রশাসনকে অবহিতকরণ, মঞ্চ প্রস্তুতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মহানগর ও জেলা পর্যায়ে জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে পথসভা, গণমিছিল, মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

সমাবেশ সফল করার লক্ষ্যে গত শনিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাবেশগুলোতে জামায়াত আমির চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরবেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, জামায়াত আমিরকে আমরা চট্টগ্রামে স্বাগত জানাতে প্রস্তুত। এ সমাবেশ নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।