logo

৭ ফেব্রুয়ারি উত্তরের তিন জেলা সফর করবেন তারেক রহমান

৭ ফেব্রুয়ারি উত্তরের তিন জেলা সফর করবেন তারেক রহমান

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ৭ ফেব্রুয়ারি (শনিবার) দেশের উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা তিনটি হলো- দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।

সফরে তারেক রহমান ঠাকুরগাঁও-১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনি প্রচারণায় জনসভায় বক্তব্য রাখবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারেক রহমান।  বেলা ১১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। দুপুর ১টা ২০ মিনিটে নীলফামারী পৌরসভা বড় মাঠে জনসভায় বক্তব্য দেবেন। দুপুর ২টা ২০ মিনিটে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন। 

জনসভা শেষে বিকাল ৫টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।