Advertisement

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলামের পরামর্শ

এশিয়া পোস্ট ডেস্ক
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলামের পরামর্শ
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, সেটা নিরূপণ না হওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আমরা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ব্যস্ত ছিলাম, তখন একটা ঘটনা ঘটে গিয়েছে, দিল্লিতে একটা প্রেস কনফারেন্স হয়েছে, যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারী শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত থাকা অবস্থায় প্রেস কনফারেন্স করেছে।

আওয়ামী লীগ ও শেখ হাসিনা যা বলছেন, তা শুধু তাদের নয় বরং ভারত সরকারের ভাষ্য বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

হাইকমিশনারের উদ্দেশ কর নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকরা যখন হাসিনার প্রেস কনফারেন্স বিষয়ে ভারতীয় হাইকমিশনারের কাছে জানতে চাইছেন, তখন তিনি দায় নিতে চাচ্ছেন না। তিনি বলছেন, গণতন্ত্রে ইস্যু থাকবে আমাদের এগুলো অতিক্রম করে একসঙ্গে কাজ করতে হবে।

সেভেন সিস্টার্স নিয়ে নাহিদ ইসলাম বলেন, ধরুন সেভেন সিস্টার্সের কোনো একটা স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় একটা প্রেস কনফারেন্স করল এবং বাংলাদেশ সরকার বলল যে এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কীভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না, এটা কি পৃথিবীর কেউ বিশ্বাস করবে? তাই দিল্লির প্রেস কনফারেন্স অবশ্যই ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই হয়েছে বলে দাবি করেন তিনি।

এ সময় তিনি বলেন, ৫ আগস্টের প্রেস কনফারেন্স বাংলাদেশের বিরুদ্ধে ছিল এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। আর বন্ধুত্বের কথা বলতে হলে ভারতকে হাসিনা ও ওসমান হাদির খুনিদের ফেরত দিতে হবে। সীমান্তে হত্যা নিয়ে মীমাংসা করতে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, কয়েক দিন আগে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার কথা জানিয়েছিলেন। তবে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে এ বিষয়ে কোনো কিছু পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভারত সরকার কীভাবে বাংলাদেশকে ট্রিট করবে, সেটা আমরা জানি কিন্তু বর্তমান সরকার কী ব্যবস্থা নেবে এবং আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে সেটাকে কীভাবে মোকাবিলা করব, সেই ঐক্যের জায়গা আমাদের কোথায়, সেটা খুঁজে বের করতে হবে।

এ সময় নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নাহিদ ইসলাম।