বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে এশিয়া পোস্ট

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এশিয়া পোস্ট ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
রাজধানীর তোপখানা রোডে সোমবার (১১ মে) এশিয়া পোস্টের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আশার কথা জানান।
ড. আহমদ আব্দুল কাদের বলেন, মিডিয়া জগতে যেসব সমস্যা আছে, তা দূর করার চেষ্টা করবে। নিরপেক্ষভাবে সবকিছু করার চেষ্টা করবে এশিয়া পোস্ট।
এশিয়া পোস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি তাদের বহুল প্রচার কামনা করছি। তাদের অভিনন্দন।
নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও বেগবান করার প্রত্যয়ে সোমবার আনুষ্ঠানিক যাত্রা করে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এশিয়া পোস্টের কার্যালয় পরিদর্শন করে শুভেচ্ছা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানান দলের চেয়ারম্যান জি এম কাদের। জামায়াতে ইসলামীর পক্ষে দলের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মাহবুব আলম, উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম। এ ছাড়া এবি পার্টির পক্ষে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু শুভকামনা জানান।
এশিয়া পোস্টকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, মিডিয়া সেল সমন্বয়ক আবু হানিফ, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা, ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
এ ছাড়াও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলে করীম মারুফ, জমিয়তে ওলামায়ে ইসলামের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রব ইউসুফী প্রমুখ এশিয়া পোস্টকে স্বাগত জানান। কার্যালয় পরিদর্শন করেন ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতারা।



