logo

আসছে এনসিপির নতুন উইং, নেতৃত্বে থাকছেন কারা

আসছে এনসিপির নতুন উইং, নেতৃত্বে থাকছেন কারা
জাতীয় নাগরিক পার্টির লোগো। ছবি: উইকিপিডিয়া

‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে নতুন একটি উইং গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৬ অক্টোবর) সংগঠনটির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করার কথা রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে দলটির একটি শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

আহ্বায়ক পদে সর্বাধিক আলোচনায় রয়েছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের নাম, সদস্যসচিব পদে সাবেক যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফের নামও রয়েছে আলোচনায়।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক, সাবেক কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি ও খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহর নাম শোনা যাচ্ছে। তবে এ পদে মহিউদ্দিন রনি মনোনিত হবার সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে।

জানা গেছে, প্রথমে ৩ থেকে ৪ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। পরে ১৫ দিনের মধ্যে গঠন করা হবে পূর্ণাঙ্গ কমিটি।

এনসিপির দলীয় সূত্র জানিয়েছে, স্বেচ্ছাসেবক শক্তির মূল কাজ হবে দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, উদ্ধারকাজে সহায়তা করা, ত্রাণ বিতরণ এবং সাধারণ মানুষকে আগাম সতর্কবার্তা দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা করা। পাশাপাশি সংগঠনটি দলের রাজনৈতিক কর্মসূচি পালন, জনসভা সফল করা ও দলীয় আদর্শ প্রচারের কাজেও অংশ নেবে।