logo

যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ে জড়িত : জামায়াত

যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ে জড়িত : জামায়াত

ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এ ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত।

রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জুবায়ের বলেন, চক্রান্তকারীরা কয়েকদিন ধরে হ্যাকিংয়ের প্রস্তুতি নিয়েই বলে মনে হচ্ছে। এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে।

জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই কাজটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের গভীর আশঙ্কা, এই চক্রান্তের সঙ্গে বিশেষ একটি দল জড়িত। তারা চরম বাড়াবাড়ি করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় শনিবার রাতে থানায় জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি ইসিকেও জানানো হবে।

এর আগে, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় শনিবার রাতে দলটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। পরে অল্প সময়ের মধ্যেই আমাদের সাইবার টিম সেটি ফেরত আনে। তবে এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, উক্ত পোস্ট/কনটেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

আমরা সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়া খবর, জাল উদ্ধৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

সবার প্রতি অনুরোধ, শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন- যাচাই ছাড়া কোনও কনটেন্ট শেয়ার করবেন না এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করুন।