বিএনপি নেতাদের সঙ্গে আইসিএপিপি মহাসচিবের বৈঠক

ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) মহাসচিব অ্যাম্বাসাডর ওহ সংয়ের বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং আইসিএপিপি ও বিএনপির মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় আইসিএপিপি মহাসচিব বিএনপিকে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমন্ত্রণ জানান। তিনি জানান, আগামী জুনের শেষ দিকে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বিএনপির অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ পরিষদেও বিএনপির প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়।
বিএনপি নেতারা এসব আমন্ত্রণকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এই প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করবে। একই সঙ্গে গণতন্ত্র, সুশাসন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে বলেও তারা মত প্রকাশ করেন।
উভয় পক্ষ ভবিষ্যতে বিএনপি ও আইসিএপিপির সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
