logo

বর্তমান সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ: আসিফ মাহমুদ

বর্তমান সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল এবং বর্তমান সরকারের প্রশাসনিক অযোগ্যতার সমালোচনা করে বলেছেন, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং এটি সরাসরি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থি। একইসঙ্গে তিনি বর্তমান সরকারকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে বলেন, বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ঈদযাত্রার ব্যবস্থাপনা—সবক্ষেত্রেই তারা ‘লেজেগোবরে’ অবস্থা তৈরি করেছে।

সম্প্রতি এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি বর্তমান সরকারের ওপর প্রভাব বিস্তার করে জুলাই আন্দোলনের অন্যতম বড় অর্জনগুলোকে নস্যাৎ করছে। তিনি বলেন, তারা জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগের। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চেয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে সেই আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। সংস্কারের অধ্যাদেশ বাতিল এবং গণভোট বাস্তবায়ন না করার ফলে মনে হচ্ছে আমরা আবার সেই ফ্যাসিবাদী ব্যবস্থার দিকেই ফিরে যাচ্ছি।

সাক্ষাৎকারে বর্তমান সরকারের গত দুই মাসের কার্যক্রম নিয়ে আসিফ মাহমুদ বলেন, আমি বলব এখন পর্যন্ত সরকার ব্যর্থ। তিনি এর কারণ হিসেবে দৈনন্দিন সমস্যা সমাধানে সরকারের অযোগ্যতাকে দায়ী করেন। তারা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতিই ভঙ্গ করেনি, দৈনন্দিন কাজ যেমন ঈদযাত্রা বা বাজার নিয়ন্ত্রণেও লেজেগোবরে অবস্থা করে ফেলেছে।

তিনি আরও বলেন, সরকার সাধারণ মানুষের সমস্যাগুলো স্বীকারও করতে চায় না। বাসের যাত্রীদের দাঁড় করিয়ে রেখে মন্ত্রীর ৩-৪ ঘণ্টার ফটোসেশন আমরা দেখেছি। এই যে মিথ্যার আশ্রয় নেওয়া এবং মানুষের কষ্ট না বোঝা—এগুলো সরকারের বাজে পারফরম্যান্সেরই প্রমাণ।

আসিফ মাহমুদ দাবি করেন, সরকার ও বিএনপি এখন কেবল ক্ষমতা কুক্ষিগত করার দিকেই মনোযোগ দিচ্ছে। তিনি বলেন, তারা জবাবদিহিতা এড়াতে সংস্কারের অধ্যাদেশ বাতিল করছে কিন্তু ক্ষমতা বৃদ্ধির অধ্যাদেশগুলো রেখে দিচ্ছে। বিচারক নিয়োগ থেকে শুরু করে সব ক্ষমতা নির্বাহী বিভাগের অধীনে রাখার যে চেষ্টা বর্তমানে চলছে, তাকে তিনি অগণতান্ত্রিক এবং জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে অভিহিত করেন।