logo

ক্যাম্পাসে গোপন রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি নাসিরের

ক্যাম্পাসে গোপন রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি নাসিরের
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত

ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ এবং মতপ্রকাশের স্বাধীনতাকে শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে বিভিন্ন ক্যাম্পাসে চলমান ‘মব কালচার’ ও হেনস্তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

রোববার (১০ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ইডেন কলেজ ও তিতুমীর কলেজের সাম্প্রতিক ঘটনার কঠোর সমালোচনা করেন।

নাসির উদ্দীন নাসির অভিযোগ করেন, আজ ইডেন কলেজে ছাত্রসংস্থার গোপন কর্মীদের ইন্ধনে এক কৃত্রিম ‘মব’ বা জনরোষ সৃষ্টি করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদলের নেত্রী এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের কর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই মব সন্ত্রাস ও হেনস্তা অবিলম্বে বন্ধ না হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিবৃতিতে তিতুমীর কলেজের সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছে। নাসির দাবি করেন, যারা সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্ররাজনীতি নিষিদ্ধের আন্দোলন করেছিল, পরবর্তীতে তাদেরই শিবিরের বিভিন্ন পদে আসীন হতে দেখা গেছে। তিনি একে ‘গোপন রাজনীতি’ ও ‘ধোঁকাবাজি’ হিসেবে অভিহিত করেন।