logo
Advertisement

ঘুষ নেওয়ার প্রমাণ পেলে প্রকাশ করতে বললেন আসিফ মাহমুদ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ঘুষ নেওয়ার প্রমাণ পেলে প্রকাশ করতে বললেন আসিফ মাহমুদ
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: গণমাধ্যম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, দুদকের এমন দাবির সংবাদ এসেছে বিভিন্ন গণমাধ্যমে।

Advertisement

এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে ঘুষ নেওয়ার প্রমাণ পেলে প্রকাশ করতে বলেন তিনি।

ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তা থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে ২ কোটি ৭৬ লক্ষ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব এবং একজন উপসচিবসহ আরও অনেকে মিলে। দুদক বলছে প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ।’

এমনকী তার বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে রাতে বিস্তারিত জানানোর কথাও উল্লেখ করেছেন এনসিপির মুখপাত্র। তিনি লিখেন, ‘এ বিষয়ে রাতে বিস্তারিত কথা বলবো।’

উল্লেখ্য, দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এর আগে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের টিম গঠন করা হয়। বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রযেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং সম্পর্কিত অভিযোগ। এছাড়া বিদেশে অর্থপাচার ও বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও করা হয়েছে। একইসঙ্গে চাঁদাবাজির অভিযোগ, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব নিয়েও দুদকে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হওয়ার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। অভিযোগ আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন।