logo

সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, রোববার ৭ কর্মসূচি 

সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, রোববার ৭ কর্মসূচি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভা করতে আজ (২৪ জানুয়ারি) চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ (২৪ জানুয়ারি) চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।  রোববার (২৫ জানুয়ারি) সারা দিনে তারেক রহমান সাতটি কর্মসূচিতে অংশ নেবেন। এরমধ্যে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীকে নিয়ে ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশ নেবেন।

মাহদী আমিন বলেন, পলিসি টকে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা সম্পর্কে জানবেন।

এরপর চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে যাবেন তারেক রহমান। ওই সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীর পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন।

ফেনী থেকে কুমিল্লায় গিয়ে তিনি তিনটি সমাবেশে অংশ নেবেন ও বক্তব্য দেবেনে।

সমাবেশের স্থানগুলো হলো— চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সুয়াগাজী দিঘিরপাড় মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সেখান থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন তারেক রহমান। দিনভর এসব কর্মসূচি শেষে বিএনপি চেয়ারম্যান রাতে ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে পৌঁছাবেন।

মাহদী আমিন আরও বলেন, সিলেটের মতো এই সফরেও বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তারেক রহমানের সফরসঙ্গী হবেন।