মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির আল্লামা মামুনুল হককে নিয়ে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ।
তিনি বলেন, ভবিষ্যতে যারা ফ্যাসিবাদের রাজনীতি করবে, তাদের পরিণতিও ফ্যাসিবাদীদের মতোই হবে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সংসদে একজন জনপ্রিয় আলেম ও বিরোধী মতের নেতাকে আক্রমণ করা বিগত ফ্যাসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ।
তার মতে, মীমাংসিত বিষয়ে আদালতের রায়কে উপেক্ষা করে যে অশালীন মন্তব্য করা হয়েছে, তার জন্য স্পিকারকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম বলেন, এমপি আবু আশফাকের অশালীন বক্তব্যের জন্য আদালত অবমাননা ও মানহানি মামলায় গ্রেপ্তার করে অবশ্যই জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ আদনান রাফি এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমাদুল্লাহসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম পূর্ব গেটে গিয়ে শেষ হয়।
