২০ বছর পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম নির্বাচনি জনসভা। বিকেলে বিমানযোগে সিলেট পৌঁছানোর কথা রয়েছে তার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভার শুরুতে তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য মেনে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি।
জনসভায় যোগ দেওয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরুর ঘোষণার পর থেকে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ লক্ষ করা গেছে। নেতাকর্মীরা মনে করছেন, নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের নির্দেশনা প্রার্থীদের জন্য বড় নিয়ামক হিসেবে কাজ করবে। তার নির্দেশনা পেয়ে বিরোধ ভুলে দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।
জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠে এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। বিশাল মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেমের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভার শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠন নিবিড়ভাবে কাজ করছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এদিকে তারেক রহমানের মাজার জিয়ারত উপলক্ষে মাজার কর্তৃপক্ষও তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের সিলেট সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। এই সফর ও জনসভা আসন্ন জাতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে— সে দিকেই এখন নজর সবার।