logo

নির্বাচনের দিন ভোটের হিসাব কড়ায়গন্ডায় বুঝে নিতে হবে : তারেক রহমান

নির্বাচনের দিন ভোটের হিসাব কড়ায়গন্ডায় বুঝে নিতে হবে : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে চলে এলে চলবে না, সেখানে উপস্থিত থেকে ভোটের হিসাবও কড়ায়গন্ডায় বুঝে নিতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। শুধু ভোট দিয়ে চলে আসলেই চলবে না। ভোট দিয়ে ওইখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল, তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী, তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, আমি বারেবারে একটা কথা বলি, এই দেশটা আমাদের। আমরা সবাই মিলে, সকল ধর্মের মানুষকে একসঙ্গে রেখে দেশটা গড়তে হবে। এই দেশ আমাদের সকলকে পরিশ্রম করে গড়ে তুলতে হবে। কারণ, এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন তারেক রহমান। এরই অংশ হিসেবে আজ নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি।