বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির আবির্ভাব ঘটেছে: মীর স্নিগ্ধ

নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে একটি তৃতীয় শক্তির আবির্ভাব ঘটেছে, যা প্রচলিত দ্বিমুখী রাজনৈতিক কাঠামোর বাইরে নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বুধবার (৪ মার্চ) রাতে ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।
মীর স্নিগ্ধ লিখেছেন, সারা দেশে এনসিপির জনপ্রিয়তা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা কেবল একটি দলের উত্থান নয়; বরং এটি তরুণ প্রজন্মের মানসিকতা, প্রত্যাশা ও রাজনৈতিক চেতনার পরিবর্তনের প্রতিফলন।
তিনি আরও লিখেছেন, যদি আগামী পাঁচ বছর ধরে এই জনসমর্থন সংগঠিত, নীতিনিষ্ঠ ও কর্মসূচিভিত্তিক রাজনীতির মাধ্যমে ধরে রাখা যায়, তবে বর্তমান প্রজন্মের কাছে এনসিপি একটি প্রাতিষ্ঠানিক বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যা অন্য দলগুলোর জন্য রাজনৈতিক সমীকরণ নতুন করে ভাবার কারণ হয়ে দাঁড়াবে। দীর্ঘমেয়াদে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।
পোস্টে স্নিগ্ধ লিখেছেন, আজ থেকে ১০ বা ১৫ বছর পর যখন জেনারেশন জেড কেবল ভোটার নয় বরং নীতি-নির্ধারক, অর্থনৈতিক ও সামাজিক নেতৃত্বের ভূমিকায় থাকবে তখন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, আদর্শিক ঝোঁক এবং মূল্যবোধ দেশের ক্ষমতার কাঠামোকে প্রভাবিত করবে।
মীর স্নিগ্ধের মতে, তখন রাজনীতি কেবল ব্যক্তিকেন্দ্রিক বা ঐতিহ্যনির্ভর থাকবে না; বরং অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও নীতিনির্ভর কাঠামোর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
তিনি বলেন, সেই প্রেক্ষাপটে আগামী দিনের রাজনৈতিক প্রাধান্য নির্ধারিত হবে কে কতটা সময়োপযোগী ধারণা, সাংগঠনিক সক্ষমতা এবং প্রজন্মগত সংযোগ তৈরি করতে পারে তার ওপর।