আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব : মির্জা আব্বাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমার কোনো প্রতিশ্রুতি নেই, জনগণের যখন যা প্রয়োজন হবে তখন তাই করব।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউশনে ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ৫ আগস্টের পর হটলাইন খুলে দুই মাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। পরে হটলাইন বন্ধ করে দিলে সব দল ও প্রশাসনের লোক মিলে এই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদক এখন সারা দেশের একটি ব্যাধি। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তরের সঙ্গে চব্বিশের গণ-অভ্যুত্থানকে না মেলানোর পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন, দুটি পৃথক অর্জনই গৌরবের।
জীবনের শেষ প্রান্তে মানুষের সেবায় সবটুকু দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বলেন, আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এখন নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে সব।