logo

রাজধানীতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুব মজলিসের বিক্ষোভ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুব মজলিসের বিক্ষোভ
রাজধানীতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। ছবি: এশিয়া পোস্ট

তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত যুব মজলিস নেতারা বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, দ্রব্যমূল্য ও পরিষেবার মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে না আনলে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অবিলম্বে তেল, গ্যাস, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।