দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানী পল্টনের মুক্তাঙ্গনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল ও গ্যাসসংকট এবং বিদ্যুতের ভূতুড়ে বিলের প্রতিবাদে আয়োজিত ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে এ কথা জানান তিনি।
জামায়াত আমির বলেন, আমরা আজ বক্তৃতা দিতে আসিনি। এসেছি ১১ দলের পক্ষ থেকে জনগণের ১১ দফা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। এই ১১ দফা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য নয়। তার মতে, এই ১১ দফা ১৮ কোটি মানুষের অধিকার।
১১ দলের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে শফিকুর রহমান বলেন, ভারী বৃষ্টির মধ্যেও আপনারা অবস্থান ত্যাগ করেননি। আল্লাহর ওপর ভরসা করে আমরা পারব। জনগণের অধিকার আদায় করে ছাড়ব।
বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলছে বলে জানান তিনি।
তার দাবি, যারা হত্যা, লুটপাট ও বিভিন্ন অপরাধ করছে তাদের বিচার নিশ্চিত করার দাবিও এই আন্দোলনের অংশ।
বিরোধীদলীয় এই নেতা বলেন, যারা এ দেশের মানুষকে বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে হত্যা করেছে এবং জনগণের ওপর জুলুম করেছে, মহান আল্লাহর ওপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে তারা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ পাবে না।
এদিকে আজ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে লংমার্চ।
১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে রংপুর সড়কপথে লংমার্চ।
১০ অক্টোবর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে খুলনা সড়কপথে লংমার্চ।
২৪ অক্টোবর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ।
১৪ নভেম্বর ২০২৬ (শনিবার): ঢাকায় মহাসমাবেশ।
১১ দলীয় ঐক্যের নেতারা জানান, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে ঘোষিত এসব কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
.png)

