Advertisement

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সেই তানভীরকে এনসিপি থেকে ফের অব্যাহতি

এশিয়া পোস্ট নিউজ
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সেই তানভীরকে এনসিপি থেকে ফের অব্যাহতি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাময়িক অব্যাহতি দিয়েছে দল। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন মন্তব্য করার অভিযোগে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।

এর আগে, শুক্রবার প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন সালাউদ্দিন তানভীর। ওই পোস্টে হবিগঞ্জসহ সিলেট বিভাগের তিন জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি সেটি মুছে ফেলেন। তবে এরই মধ্যে পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

এটি এনসিপি থেকে সালাউদ্দিন তানভীরের দ্বিতীয় দফা সাময়িক অব্যাহতি। এর আগে ২০২৫ সালে জুলাই গণ-অভ্যুত্থানের পর সচিবালয়ে প্রবেশ করে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

প্রায় এক বছর সাংগঠনিক কার্যক্রমের বাইরে থাকার পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় চলতি বছরের ১৬ এপ্রিল তাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়। তবে দলে ফেরার সাড়ে তিন মাসের মধ্যেই আবারও শৃঙ্খলাজনিত অভিযোগে সাময়িক অব্যাহতির মুখে পড়লেন তিনি।

এদিকে দলীয় সিদ্ধান্ত প্রকাশের প্রায় একই সময়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন তানভীর তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।