logo
Advertisement

শিক্ষার্থীদের কাছে চিঠি সাদিক কায়েমের

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
শিক্ষার্থীদের কাছে চিঠি সাদিক কায়েমের
চিঠি ও সাদিক কায়েম। ছবি: কোলাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্তিতে চিঠি বিতরণ করেছেন সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীদের মধ্যে এ চিঠি বিতরণ করেন তিনি।

চিঠিতে সাদিক কায়েম লিখেছেন, ‘প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হলো আজ। নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতা পেরিয়ে আপনাদের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসায় বিগত এক বছরে আমরা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত রেখেছি।’

তিনি লিখেছেন, ‘বাধাবিপত্তি ও আঘাত সয়ে আমরা ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি। বন্ধ হয়েছে গণরুম-গেস্টরুমের মতো দীর্ঘদিনের নিপীড়নমূলক সংস্কৃতি ফেরার পথ। একই সঙ্গে পরিবহন, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্যসেবা, হলে পড়াশোনার পরিবেশ উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছে ইতিবাচক রূপান্তরের সূচনা।’

সাদিক কায়েম আরও লিখেছেন, ‘গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব শান্তিপূর্ণ স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের এ অগ্রযাত্রায় আপনারা প্রত্যেকেই একজন গর্বিত অংশীদার। ডাকসুর এক বছরের পথচলায় পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দন। নিয়মিত ডাকসু নির্বাচন ও ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকুক, সেই প্রত্যাশায়..’

এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পায়।